সংস্কারের অভাবে পৌরসভার পাঁচটি সড়কে চরম দুর্ভোগে পৌরসভার বাসিন্দারা! | Daily AjKaler Kontho

সংস্কারের অভাবে পৌরসভার পাঁচটি সড়কে চরম দুর্ভোগে পৌরসভার বাসিন্দারা!


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২২, ২০২৫, ১:৪৫ অপরাহ্ন
সংস্কারের অভাবে পৌরসভার পাঁচটি সড়কে চরম দুর্ভোগে পৌরসভার বাসিন্দারা!

খান মেহেদী : বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ১৯৯০ সালে বাকেরগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌরসভাটি প্রথম শ্রেণিতে উন্নীত হলেও তেমন কোনো উন্নতি হয়নি রাস্তাঘাটের। দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারের অভাবে চরম দুর্ভোগে পড়েছে পৌরসভার বাসিন্দারা। পৌর এলাকার অন্তত পাঁচটি প্রধান সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। খানাখন্দে ভরা এসব সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকেই সড়কগুলোর অবস্থা আরও খারাপ হয়েছে। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে, যার ফলে মোটরসাইকেল, অটোরিকশা এমনকি রিকশাও চলাচল করতে পারছে না। স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষ প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, বহুবার দাবি জানানো সত্ত্বেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। এখনো যদি যথাযথ পদক্ষেপ নেওয়া না হয়, তবে সামনের দিনগুলোতে ভোগান্তি আরও বাড়বে বলেই মনে করছেন এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, পৌরসভার প্রান কেন্দ্র চৌমাথা হয়ে বাড়াইপাড়া কালীগঞ্জ সড়ক, বটতলা হয়ে ভরপাশা সড়ক ও ৯ নং ওয়ার্ডের প্রধান সড়ক সংস্কারের অভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।বাড়াইপাড়া সড়কটির পিচ ঢালাই উঠে গিয়ে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। আর সামান্য বৃষ্টি হলেই সড়কের ওই গর্তগুলোতে হাটু পর্যন্ত পানি জমা হয়। এই সড়কটিতে এখন মানুষ চলাচলেরও অনুপযোগী হয়ে পড়েছে।