ছয় দফা দাবিতে জাবি শিক্ষার্থীদের স্বারকলিপি | Daily AjKaler Kontho

ছয় দফা দাবিতে জাবি শিক্ষার্থীদের স্বারকলিপি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২১, ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
ছয় দফা দাবিতে জাবি শিক্ষার্থীদের স্বারকলিপি

জাবি প্রতিনিধি : নতুন কলা ভবনে মৌলিক অবকাঠামোগত সুবিধা নিশ্চিতকরণের জন্য কলা ও মানবিক অনুষদের ডীন বরাবর স্মারকলিপি প্রদান করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কলা অনুষদের শিক্ষার্থীবৃন্দ।

আজ বুধবার (২১মে) কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হকের কাছে স্মারকলিপি ও ছয় দফা প্রস্তাবনা দেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, নতুন কলা ভবনে শিক্ষার্থীদের যথাযথ শিক্ষার পরিবেশ নেই। নারী শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত এবং পর্যাপ্ত ওয়াশরুম নেই। পাশাপাশি নেই কোনো স্যানিটারি প্যাড স্টেশন, যা মেয়েদের জরুরী স্বাস্থ্যসেবার অবিচ্ছেদ্য অংশ। এছাড়াও নামাজ পড়ার জন্য নির্দিষ্ট স্থান এবং অন্য ধর্মালম্বীদের জন্য প্রার্থনার কোনো স্থান নেই।

এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা এবং গাড়ি পার্কিংয়ের যথাযথ ব্যবস্থা না থাকার কথাও তারা উল্লেখ করেন। একই সাথে শিক্ষার্থীরা ৬ দফা প্রস্তাবনাও তুলে ধরেন।

শিক্ষার্থীদের ছয় দফা প্রস্তাবনাসমূহ-
১. নারীদের পৃথক ওয়াশরুমের ব্যবস্থা করতে হবে।
২. স্যানিটারি প্যাড স্টেশন গঠন করতে হবে।
৩. স্থায়ী ও নিরাপদ স্বাস্থ্যসম্মত বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৪. নিরাপদ গ্যারেজ/ সাইকেল স্ট্যান্ড নির্মাণ করতে হবে।
৫. প্রার্থনার স্থান নির্ধারণ করতে হবে।
৬. নতুন কলা ভবনের পেছনের সড়ক ও লেক পাড় সংস্কার করতে হবে।