
কুয়াকাটা, (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে অন্তরা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ভ্রাম্যমান আদালত ৩০ মন বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করেছে। উদ্ধারকৃত মাছের মধ্যে আছে চিংড়ি, লইট্টা ও পোয়া প্রভৃতি।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক নেতৃত্বে মঙ্গলবার রাত ১১টার দিকে অভিযান পরিচালিত হয়। এসময় উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা উপস্থিত ছিলেন। দ্রুত ব্যবস্থায় জব্দকৃত মাছগুলো আটটি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
নিষেধাজ্ঞাকালী সময়ে সামুদ্রিক মাছ পরিবহন করবেনা মর্মে মুচলেখা দিলে বাস ও চালককে ছেড়ে দেয়া ভ্রাম্যমান আদালত। জব্দকৃত মাছের আনুমানিক মূল্য দাঁড়ায় প্রায় তিন লাখ টাকা।
মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, জব্দকৃত মাছগুলো ধুলাসার থেকে ট্রলিংভ্যান এর মাধ্যমে সরাসরি ঢাকাগামী বাসে ওঠানো হচ্ছিল।
সরকার গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরা ও পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব মাছ আহরণ ও পরিবহন করায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ##
আপনার মতামত লিখুন :