
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি : দুমকির পায়রা সেতু টোলপ্লাজায় দুই ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে পুলিশ। আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে তাদের। মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ৯টায় এএসআই ফরিদ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি নিয়মিত টহল দল তাদের আটক করে।
আটক এক ব্যাক্তি পার্শ্ববর্তী উপজেলা বাউফলের সূর্যমনি ইউনিয়নের গুলবাগ গ্রামের বারেক দূয়ারীর ছেলে মো. আল আমিন দূয়ারী (৪২) এবং অন্যজন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মেরকুঠি গ্রামের কাশেমের ছেলে আল আমিন তারেক (৪৩)।
জানা যায়, বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি মাইক্রোবাসে ছয়জন ব্যক্তি ভ্রমণ করছিলেন। পায়রা সেতু এলাকায় পুলিশের চেকপোস্টে গাড়িটি থামানো হলে দুই ব্যক্তি দ্রুত নেমে ব্যাগ বের করার চেষ্টা করেন। এ সময় গাড়ির চালক মাইক্রোবাসটি সজোরে চালিয়ে স্থান ত্যাগ করে। নেমে পড়া দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলেই তাদের আটক করেন।
তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে র্যাবের তিনটি পোশাক, দুটি খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি সেট, পাঁচটি মোবাইল ফোন, দুটি গাড়ির নম্বর প্লেট, একটি হাতকড়া এবং একটি প্লাস উদ্ধার করে পুলিশ।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “আটক ব্যক্তিরা প্রতারণার উদ্দেশ্যে র্যাবের সরঞ্জাম বহন করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :