লোহাগড়ায় যুবদল কর্মীর লাশ উদ্ধার  | Daily AjKaler Kontho

লোহাগড়ায় যুবদল কর্মীর লাশ উদ্ধার 


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৯, ২০২৫, ৪:০১ অপরাহ্ন
লোহাগড়ায় যুবদল কর্মীর লাশ উদ্ধার 
কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় বিলের মধ্য থেকে সালমান খন্দকার (২৬) নামে এক যুবদলের কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত সালমান উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাঁজা খন্দকারের ছেলে। লোহাগড়া উপজেলা যুবদল সূত্রে জানা গেছে, নিহত সালমান যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮মে) রাতে সালমানসহ তার বন্ধুরা মিলে পার্শ্ববর্তী রামকান্তপুর গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদীর পাড়ে পিকনিক করে। পিকনিক শেষে সালমান শামুকখোলার নিজ বাড়িতে আসে। বাড়িতে আসার কিছুক্ষণ পর সালমান আবারও বাড়ি থেকে বেরিয়ে যায়। পুনরায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বাড়িতে আর ফিরে না আসায় পরিবারের লোকজন সালমানের মোবাইল ফোনে কল দিলে মোবাইল বন্ধ পায়। শুক্রবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিলের মধ্যে একটি অজ্ঞাত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। স্থানীয় লোকজন লোহাগড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে অজ্ঞাত মরদেহ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সালমানের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে সালমানের মরদেহ শনাক্ত করে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ছাড়া ঘটনা তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।