
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (বয়স আনুমানিক ৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে আটটার দিকে পৌর শহরের রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জীন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা খালে ময়লা ফেলতে গিয়ে লাশটি দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
উদ্ধারকৃত নারীর পরনে লাল ও খয়েরি রঙের মেক্সি ছিল। তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ পোকায় খেয়ে ফেলায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয়দের ধারণা, খালে জোয়ার-ভাটার পানি প্রবাহ না থাকায় কোনো দুর্বৃত্ত তাকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখে গেছে।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
আপনার মতামত লিখুন :