কুয়াকাটায় উন্নত জাতের চিনাবাদামের উপযোগিতা যাচাই : কৃষক মাঠ দিবস পালিত | Daily AjKaler Kontho

কুয়াকাটায় উন্নত জাতের চিনাবাদামের উপযোগিতা যাচাই : কৃষক মাঠ দিবস পালিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৬, ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
কুয়াকাটায় উন্নত জাতের চিনাবাদামের উপযোগিতা যাচাই : কৃষক মাঠ দিবস পালিত

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটার মম্বিপাড়ায় উন্নত জাতের চিনাবাদামের উপযোগিতা যাচাইয়ে কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) সরেজমিন গবেষণা বিভাগ, পটুয়াখালী আঞ্চলিক কেন্দ্রের আয়োজনে স্থানীয় কৃষকদের নিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চীনাবাদামের উন্নত জাতের কার্যকারিতা যাচাই ও কৃষকদের মাঝে তা সম্প্রসারণের উদ্দেশ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএআরআই, পটুয়াখালীর সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ এম খায়রুল বাসার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সেবা ও সরবরাহ বিভাগের পরিচালক ড. আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরআই, রহমতপুর (বরিশাল) কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোস্তাফিজুর রহমান এবং গাজীপুর সদর দপ্তরের কৃষিতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জাসমিন আরা চৌধুরী।

বক্তারা জানান, কুয়াকাটাসহ দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় বিএআরআই উদ্ভাবিত বারি চিনাবাদাম-৮, ৯, ১০, ১১ এবং ঢাকা-১ জাতের চাষাবাদ করা হচ্ছে। মাঠপর্যায়ে এই জাতগুলোর উৎপাদন ও পরিবেশ সহনশীলতা মূল্যায়নের মাধ্যমে সর্বোত্তম জাত নির্ধারণ করা হবে। ইতোমধ্যে বারি চিনাবাদাম-৯ জাত প্রায় ৫০ বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে পার্টনার প্রকল্পের আওতায়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাইনুল ইসলাম।