পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের স্ক্র্যাপ শেডে ভয়াবহ অ*গ্নিকাণ্ড | Daily AjKaler Kontho

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের স্ক্র্যাপ শেডে ভয়াবহ অ*গ্নিকাণ্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের স্ক্র্যাপ শেডে ভয়াবহ অ*গ্নিকাণ্ড

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিএল) স্ক্র্যাপ শেডে ভয়াবহ অ*গ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রায় ২০ একর এলাকা জুড়ে থাকা স্ক্র্যাপ শেডে আগুন ছড়িয়ে পড়ে। লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ায় গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব দুটি দল যৌথভাবে অভিযান চালিয়ে রাত এগারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে শেডের অন্তত ১৩-১৪টি ডিউটি পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে রাখা হাজার টনেরও বেশি পরিত্যক্ত স্ক্র্যাপসহ লোহা-লক্কর পুড়ে যায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন জানান, “মূল পাওয়ার প্ল্যান্টের কোনো ক্ষতি হয়নি। আগুনে পরিত্যক্ত লোহা, টিন ও কিছু কাঠের সামগ্রী পুড়ে গেছে। ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন বলেন, “সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।”