কলাপাড়ায় ইউএনও রবিউল ইসলামের অপসারণ ও দুর্নীতির তদন্ত দাবিতে মানববন্ধন | Daily AjKaler Kontho

কলাপাড়ায় ইউএনও রবিউল ইসলামের অপসারণ ও দুর্নীতির তদন্ত দাবিতে মানববন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৫, ৫:৫২ অপরাহ্ন
কলাপাড়ায় ইউএনও রবিউল ইসলামের অপসারণ ও দুর্নীতির তদন্ত দাবিতে মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের অপসারণ এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন ‘কলাপাড়া ও মহিপুরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে একাধিক সামাজিক ও রাজনৈতিক সচেতন নাগরিক।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম অন্তর, মো. বনি আমিনসহ অন্যান্যরা। তারা অভিযোগ করেন, ইউএনও রবিউল ইসলাম যোগদানের পর থেকে সাবেক প্রতিমন্ত্রী মহিবুর রহমান মহিবের সুপারিশে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে চলেছেন।

বক্তারা আরও দাবি করেন, ইউএনও স্থানীয় আওয়ামী লীগঘনিষ্ঠ একটি সিন্ডিকেটের সঙ্গে মিলে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন এবং স্বজনপ্রীতির মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া, সরকারের পতনের পর তিনি অতিরিক্তভাবে উপজেলা ও পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করে গোপনে সাবেক প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও অভিযোগ করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইউএনওর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত অপসারণের দাবি জানান। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ বিষয়ে ইউএনও মো. রবিউল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।