
ব্যুরো চীফ ময়মনসিংহঃ ময়মনসিংহে স্পেশাল ও দায়রা জজের বাসভবনে সংঘটিত চুরির ঘটনার রহস্য মাত্র ১৬ ঘণ্টার মধ্যে উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে চুরি যাওয়া মালামালসহ মূল অভিযুক্ত চোর জুয়েলকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় স্পেশাল ও দায়রা জজের সরকারি বাসভবনে চুরির ঘটনা ঘটে। ঘটনার পরপরই ডিবি পুলিশের একটি বিশেষ টিম মাঠে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তৎপরতায় মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে মূল অভিযুক্ত জুয়েলকে আটক করা হয়।
গ্রেফতারের সময় জুয়েলের কাছ থেকে চুরি যাওয়া মূল্যবান মালামাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, “এ ধরনের গুরুত্বপূর্ণ একটি ঘটনার দ্রুত সমাধান করতে পেরে আমরা সন্তুষ্ট। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।”
ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :