শরীয়তপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান | Daily AjKaler Kontho

শরীয়তপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
শরীয়তপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

মো: নাসির খান (শরীয়তপুর) :  ১৬ এপ্রিল বুধবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা অভিযান পরিচালনা করেছেন। উক্ত সাব-রেজিস্ট্রার অফিসে ব্যাপক জাল-জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

সেবাগ্রহীতাকে জিম্মি করে অবৈধভাবে অর্থ আদায়, জমির শ্রেণি পরিবর্তনে রাজস্ব ফাঁকি, নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়, মূল দলিলের নকল উত্তোলনের জন্য সরকার নির্ধারিত ফি’র চেয়ে ২/৩ গুণ বেশি ফি আদায়, টাকার বিনিময়ে মূল দলিলের নকল কপিতে ভুয়া গ্রহীতার নাম লিখে নকল সরবরাহ করা, নকলের সার্টিফায়েড কপি অফিসে জমা না দিয়ে ভুয়া কেস নাম্বার দিয়ে গ্রাহকের নিকট সরবরাহ করে সরকারি টাকা আত্মসাৎ করা, মূল দলিলে গ্রহীতার নাম পরিবর্তন করে দেওয়াসহ নানা অপকর্মের মহোৎসব চলছে শরীয়তপুর সদর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে।

এসব অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক), মাদারীপুর শাখার সহকারী পরিচালক মো. আখতারুজ্জামানের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করেছেন। অভিযানে বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির সন্ধান তারা পেয়েছেন বলে সাংবাদিকদের জানান সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান।

এ বিষয়ে সদর উপজেলা সাব-রেজিস্ট্রার মো. ওমর ফারুক বলেন, অফিসে যাতে কোনো প্রকার দুর্নীতি না হয় তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে।