তারাগঞ্জে আলু সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক, আলোচনা সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

তারাগঞ্জে আলু সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক, আলোচনা সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৫, ১:০১ অপরাহ্ন
তারাগঞ্জে আলু সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক, আলোচনা সভা অনুষ্ঠিত

তারাগঞ্জ (রংপুর)প্রতিনিধি:রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণের উপস্থিতিতে বিভিন্ন স্থানে আলু সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ৫টি ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তাগণ উঠান বৈঠক, উপজেলা কৃষি অফিসের চলমান কৃষক মাঠ স্কুলে, সার ও বালাইনাশক ডিলারদের দোকানে আলু সংরক্ষণ বিষয়ক লিফলেট বিতরণ, পরামর্শ প্রদান করে চলেছে।

উপজেলা কৃষি অফিসার, জনাব ধীবা রানী রায় জানান, এবার তারাগঞ্জ উপজেলায় ৪৫৩০ হে: জমিতে আলু চাষ হয়েছে যা গত বছরের তুলনায় ১৩৪০ হে: বেশি।

কিন্তু তারাগঞ্জের ৩টি হিমাগারে স্থান সংকটে অধিকাংশ কৃষকের আলু সংরক্ষণ করতে পারেনি। যেসব আলু হিমাগারে সংরক্ষণ করতে পারেনি সেগুলো খাবার আলু হিসেবে দেশীয় পদ্ধতিতে সংরক্ষণ করা যেতে পারে। এ পদ্ধতিতে ৩-৪ মাস সংরক্ষণ করা যায়।

আলু সংরক্ষণে কিছু বিষয় মনে রাখতে হবে – আলু তোলার সময় যেন কোদাল/লাঙ্গলের আঘাতে ক্ষত না হয়। আলু সংগ্রহ শেষে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে নিয়ে যেতে হবে এবং ঠান্ডা ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।কাঁচা, ফাঁটা, সবুজ রোগাক্রান্ত পঁচা আলু ফেলে দিয়ে আকার অনুযায়ী বড়, মাঝারি, ছোট বাছাই করতে হবে। আলু ঠান্ডা ও বাতাসযুক্ত ঘরে মেঝে থেকে ৪-৬ ইঞ্চি উঁচু মাচা করে তাতে ১০-১২ ইঞ্চি পুরু করে সংরক্ষণ করতে হবে।
মাচা থেকে আরেক মাচার দূরত্ব ২.৫-৩ ফুট রাখতে হবে। সবার উপরের মাচাটি ছাদ থেকে ৩-৫ ফুট নিচে থাকলে ভাল হয়।

নির্বাচিত ঘরটিতে যদি আগের বছর আলু রাখা হয় তবে তা অবশ্যই কীটনাশক দিয়ে পরিষ্কার করে নিতে হবে যাত পোকামাকড় মুক্ত থাকে।
সংরক্ষিত আলু ২০ থেকে ২৫ দিন পর পর নিয়মিত বাছাই করতে হবে। রোগাক্রান্ত, পোকা লাগা ও পঁচা আলু দেখামাত্র দূর করে ফেলতে হবে। খাবারের উদ্দেশ্যে সংরক্ষিত আলু কীটনাশক ব্যবহার না করে শুকনো নিমপাতা বিষকাটালি পাতা বিছিয়ে দিতে হবে।

টিউবার মথ বা সুতালি পোকার আক্রমণ যাতে না হয় সেজন্য জানালায় চিকন তারের জালি দিতে হবে। আলুর স্তুপ মশারী দিয়ে ঢেকে রাখা যেতে পারে।