
কালীগঞ্জ,(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে ইউনিয়ন যুবদলের সভাপতিকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ১০টার দিকে হরিন্দিয়া গ্রামে। বিষয়টি নিয়ে আসামিদের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী মহিদুল ইসলাম।
কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের যুবদল সভাপতি মহিদুল ইসলাম জানান, কোটচাঁদপুর শহর থেকে কাজ শেষে তিনি শুক্রবার রাত ১০টার দিকে দোড়া ইউনিয়নের দয়ারামপুর গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন।
তিনি মোটর সাইকেল যোগে হরিন্দিয়া গ্রামের মধ্যে গেলে পূর্ব শত্রুতার জের ধরে জসিম উদ্দীন, আবু সাইদ, বাবুসহ ৭/৮ জন তার গতিরোধ করে। এ সময় তিনি কিছু বুঝে ওঠার আগেই তারা গাড়ি থেকে ধাক্কা দিয়ে রাস্তার উপর ফেলে দেয়। সাথে সাথে রড ও লাঠি দিয়ে মহিদুল ইসলামকে পেটাতে থাকে। সেইসাথে মোটর সাইকেল ভাংচুর করে।
এসময় মহিদুলের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা সরে পড়ে। স্থানীয় লোকজন মহিদুলকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মহিদুলের বাম পা ভেঙে গেছে।
মহিদুল ইসলাম দাবি করেন ঘটনার সময় তার পকেটে থাকা দেড় লাখ টাকা খোয়া গেছে। কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, লিখিত অভিযোগ পেয়েছি।
আপনার মতামত লিখুন :