
সৈয়দ শওকত হোসেন, বাগেরহাটঃ সুন্দরবন থেকে ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় ১৬টি নৌকাসহ ৩৩ জন জেলেকে জিম্মি করে রেখেছে এমন গোপন সংবাদে বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোস্টগার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল ফাঁকা গু*লি ছোঁড়ে বনে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৬ নারীসহ ৩৩ জেলে ও ১৬টি নৌকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভুক্তভোগীরা গত ৯ এপ্রিল সকালে মাছ ও কাঁকড়া ধরতে কয়রা থেকে সুন্দরবনে(বাগেরহাট) যায়। পরে ডাকাত করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে জনপ্রতি ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।
অপহৃতদের উদ্ধারের পর কয়রায় কোস্টগার্ড স্টেশনে এসে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। তারা সবাই খুলনা কয়রা থানার বাসিন্দা। বোটসহ তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :