ড. ইউনূসকে যা বললেন নরেন্দ্র মোদি | Daily AjKaler Kontho

ড. ইউনূসকে যা বললেন নরেন্দ্র মোদি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৫, ৪:৫৫ অপরাহ্ন
ড. ইউনূসকে যা বললেন নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক : বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ শুক্রবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্ক, সীমান্ত নিরাপত্তা, সংখ্যালঘু ইস্যু এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়।

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি জানান, প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের সঙ্গে ভারতের ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের আকাঙ্ক্ষার কথা পুনর্ব্যক্ত করেছেন।

বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের অবস্থা নিয়ে মোদি উদ্বেগ প্রকাশ করেন। তিনি ড. ইউনূসের কাছে বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীসহ অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত নির্যাতনের বিষয়ে তদন্তের অনুরোধ জানান।

বৈঠকে বাংলাদেশ-ভারত সীমান্ত নিরাপত্তা নিয়েও আলোচনা হয়। বিক্রম মিশ্রি জানান, “প্রধানমন্ত্রী মোদি সীমান্তের নিরাপত্তা রক্ষায় কঠোর আইন প্রয়োগ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর গুরুত্বের কথা বলেছেন। তিনি সীমান্ত ব্যবস্থাপনায় আরও কড়াকড়ি আনার আহ্বান জানিয়েছেন।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বিক্রম মিশ্রি জানান, “বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে একটি পত্র দিয়েছে। তবে এ মুহূর্তে এর বেশি কিছু বলা আমার জন্য ঠিক হবে না বলে জানান তিনি।