আব্দুল হান্নান মাসউদের হা'মলার ঘটনা পুরোনো রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ | Daily AjKaler Kontho

আব্দুল হান্নান মাসউদের হা’মলার ঘটনা পুরোনো রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৫, ৫:০১ অপরাহ্ন
আব্দুল হান্নান মাসউদের হা’মলার ঘটনা পুরোনো রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ

আজকালের কন্ঠ ডেস্কঃ নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসুদের পথসভায় বাধা ও হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (২৫ মার্চ) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করে, এ ধরনের হামলার ঘটনা পুরোনো রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ এবং রাজনৈতিক অধিকার চর্চার ওপর কর্তৃত্ববাদী হস্তক্ষেপ। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ঠিক একই কায়দায় স্লোগান দিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা করা হতো।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীরাও দীর্ঘদিন ধরে পতিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ কর্তৃক ঠিক একইভাবে নির্যাতিত হয়েছে। ফলে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এ ধরনের সংস্কৃতির পুনরাবৃত্তি চাই না।

এতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ হামলার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এ হামলায় জড়িত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অতিসত্ত্বর সাংগঠনিক ব্যবস্থা নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আহ্বান জানায় জাতীয় নাগরিক পার্টি।