সিলেটের ঘটনায় সরকার কঠোর অবস্থানে: ওবায়দুল কাদের | Daily AjKaler Kontho

সিলেটের ঘটনায় সরকার কঠোর অবস্থানে: ওবায়দুল কাদের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২০, ৩:৫৮ অপরাহ্ন
সিলেটের ঘটনায় সরকার কঠোর অবস্থানে: ওবায়দুল কাদের

সিলেটের এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে স্ত্রী ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ‘প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনা’- শীর্ষক আলোচনা সভায় বক্তব‌্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি’র উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। ওবায়দুল কাদের নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন।

তিনি বলেন, ‘দেশের আইন নিজস্ব গতিতে চলছে। বিচার বিভাগের ওপর সরকারের কোনও হস্তক্ষেপ নেই। দেশের মানুষ দেখেছে, নিজ দলের সমর্থক কিংবা নেতারাও অপরাধী হলে সরকার আইনগত ব্যবস্থা গ্রহণে বাধা দেয়নি। সিলেটে এমসি কলেজের ঘটনায়ও শেখ হাসিনা সরকার কঠোর অবস্থানে। অপরাধী যেই হোক ছাড় পাবে না।’

দলের সভাপতিমণ্ডলীর সদস‌্য মতিয়া চৌধুরীরর সভাপতিত্বে সভায় বক্তব‌্য রাখেন সভাপতিমণ্ডলীর সদস‌্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মফিজুর রহমান।