মোহনগঞ্জে অবৈধ ভাবে গড়ে উঠা ইটভাটা ধ্বংস, লাখ টাকা জরিমানা | Daily AjKaler Kontho

মোহনগঞ্জে অবৈধ ভাবে গড়ে উঠা ইটভাটা ধ্বংস, লাখ টাকা জরিমানা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৫, ১:২০ অপরাহ্ন
মোহনগঞ্জে অবৈধ ভাবে গড়ে উঠা ইটভাটা ধ্বংস, লাখ টাকা জরিমানা

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জে একটি অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন ডিসিএস বিল্ডার্স নামে ওই ইটভটায় অভিযান চালায়।
উপজেলার সামাইকোনা এলাকায় অবস্থিত ওই ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়াই চলছিল।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মতিন, মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য ও থানার একদল পুলিশ সদস্য সঙ্গে ছিলেন।মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সামাইকোনা এলাকায় কংস নদীর তীরে ডিসিএস বিল্ডার্স নামে একটি ইটভাটা রয়েছে। এটির মালিক পৌরশহরের বিপ্লব কুমার রায়। ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়া পরিচালিত হচ্ছিল। সোমবার বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন অভিযান চালায়। অভিযানে ইটভাটা ধ্বংস করার পাশাপাশি মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, সম্পূর্ণ অবৈধভাবে চলছিল ইটভাটাটি। অভিযানে ভাটার চিমনি, কাঁচা-পোড়া ইট ধ্বংস করা হয় ও ভাটার কার্যক্রম বন্ধ করা হয়। পাশাপাশি ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।