সন্তানকে বাঁচাতে দেশবাসীর কাছে বাবা- মা'র আকুতি | Daily AjKaler Kontho

সন্তানকে বাঁচাতে দেশবাসীর কাছে বাবা- মা’র আকুতি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১, ২০২৫, ৩:১৬ অপরাহ্ন
সন্তানকে বাঁচাতে দেশবাসীর কাছে বাবা- মা’র আকুতি

মোঃ রায়হানুল হক রাণীনগর (নওগাঁ) উপজেলা প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে অসুস্থ সন্তানকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার জন্য দেশবাসীর কাছে এক অসহায় পরিবারের আকুতি।

নওগাঁর রাণীনগরের সাব্বির হোসেন ছোটবেলা থেকেই হার্টের সমস্যায় (হৃদরোগে) আক্রান্ত। এখন তার বয়স ২২ বছর। বয়স বাড়ার সাথে সাথে দিন দিন বেড়েই চলেছে তার হার্টের সমস্যা। সাব্বির হোসেন উপজেলা সদরের মধ্য রাজাপুর গ্রামের কাঠমিস্ত্রি মোঃ হাফিজুর রহমান বাবুর ছেলে।

ছোট বেলা থেকেই বাবা মা তাদের সাধ্যমত সন্তানের চিকিৎসা চালিয়ে যাচ্ছে। সন্তানের চিকিৎসা চালিয়ে যেতে নিজেদের সমস্ত সহায়-সম্বল বিক্রি করে আজ তারা নিঃস্ব।

বাধ্য হয়ে সন্তানকে বাঁচাতে সমাজের তথা দেশের বিত্তবানদের ও সরকারের নিকট আর্থিক সহায়তা চেয়ে আকুতি জানিয়েছে তার অসহায় পরিবার।

সমস্ত সহায়-সম্বলহীন পরিবারের অভাব-অনাটনের কারণে বর্তমানে বন্ধ হয়ে গেছে সাব্বিরের চিকিৎসা। সাব্বিরের উন্নত চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করে উপজেলা সদর বাজার সহ বিভিন্ন এলাকায় ব্যানার টাঙ্গানো হয়েছে।

সাব্বিরের বাবা কাঠমিস্ত্রি হাফিজুর রহমান বাবু জানান, জন্মের দুই মাস পর সাব্বিরের হার্টের সমস্যা ধরা পড়ে। ছোটবেলা থেকেই দেশের বিভিন্ন চিকিৎসকের কাছে ও ভারতের এক চিকিৎসকের কাছে চিকিৎসা করিয়েছে। এ পর্যন্ত তার হার্টের চিকিৎসার জন্য প্রায় ২৩ লক্ষ্যাধিক টাকা খরচ হয়ে গেছে ।

কিন্তু সাব্বির এখনো সুস্থ হয়ে উঠেনি । বড় হয়ে যাওয়ার পর তার হার্টের সমস্যা আরো বেশি হয়েছে। কয়েক মাস আগে সাব্বিরকে নিয়ে ভারতের একজন চিকিৎসকের কাছে গিয়েছিলাম।

চিকিৎসক বলেছেন, দ্রুত সাব্বিরের হার্টের অপারেশন করতে হবে এতে প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন।

আবার সাব্বিরের একটি ভালভের সমস্যা ধরা পড়েছে। এজন্য আরো টাকা লাগবে। এমতাবস্থায় সাব্বিরকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় রয়েছি।

ছেলের চিকিৎসা করাতে গিয়ে সহায়-সম্বল হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি। বর্তমানে চিকিৎসা করানোর মতো কোনো অর্থই আমাদের কাছে নেই।

আমাদের অভাবের সংসারে সাব্বিরের চিকিৎসা করাতে অর্থ যোগান দিতে আমরা পারছি না। তাই সমাজের বিত্তবান এবং সরকারের পক্ষ থেকে সাহায্য পেলে চিকিৎসা করে ছেলেকে হয়তো বাঁচাতে পারতাম।

রানীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান বলেন, সাব্বিরের বিষয়টি আমরা খোঁজখবর নিয়ে দেখছি। উপজেলা প্রশাসন অথবা সমাজসেবার পক্ষ থেকে সাব্বিরকে সহযোগিতা করার চেষ্টা করবো।

সাহায্য পাঠানোর জন্য সাব্বিরের বাবার বিকাশ নম্বর (০১৭২৬৪৮০৬৮৭) ও সোনালী ব্যাংক রানীনগর শাখার সঞ্চয়ী হিসাব নম্বর (৪৮১৮১০১০১৯৫৭৮)।