মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইবিতে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন | Daily AjKaler Kontho

মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইবিতে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন
মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইবিতে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন

আজকালের কন্ঠ ডেস্ক : ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:”আহলান সাহলান মাহে রমজান” এই শ্লোগানে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে ইবি সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মূল ফটকের সামনে থেকে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য এক র‍্যালির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মসজিদের সামনে র‍্যালিটি সমবেত হয়।

এ সময় র‍্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, ইবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি এইচ এম আবু মুসা, বর্তমান সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি ইসমাইল হোসেন রাহাত, তালাবায়ে আরাবিয়ার সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি এস এম শামীম, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি নোমান হোসেন সহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষার্থীরা নারায়ে তাকবির, আল্লাহু আকবর; আহলান সাহলান, মাহে রমজান; রমজানের পবিত্রতা, রক্ষা করো করতে হবে; অশ্লীলতা বেহায়াপনা, বন্ধ করো করতে হবে; বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; বিশ্বের মুসলিম, এক হও লড়াই করো; দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, কমাতে হবে ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

র‍্যালি শেষে বক্তারা বলেন, মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস মাহে রমজান মাস। বছর ঘুরে এই মাস আবারো আমাদের মাঝে এসেছে।

এ মাসের পবিত্রতা রক্ষা, রোজা রাখা ও পাঁচ ওয়াক্ত নামাজসহ তারাবি নামাজ আদায়ের জন্য মুসলমানদের আহ্বান জানাই৷ আমাদের সকলকে রমজানের পবিত্রতা ও শুদ্ধতা বজায় রাখতে হবে।
সকলে পবিত্র রমজানের দায়িত্ব সুচারুভাবে পালন করবো এবং সকলের কাছে এই মাসের পবিত্রতা রক্ষার আহবান পৌঁছে দিবো।

বক্তারা আরো বলেন, রমজান এলেই ব্যবসায়ীদের একধরনের সিন্ডিকেট গড়ে ওঠে। সরকারকে এই সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রমজানের পবিত্রতা রক্ষায় পদক্ষেপ নিতে হবে৷

ভিন্নধর্মাবলম্বী ভাইবোনদের খাবারের সুনির্দিষ্ট ব্যবস্থা করে দিনের বেলায় দোকানপাট বন্ধ রাখতে হবে। এছাড়াও রমজানের পবিত্রতা নষ্ট হয় এমন কোন অশ্লীলতা বেহায়াপনার অনুষ্ঠান আয়োজন করতে দেওয়া যাবে না।