
আজকালের কন্ঠ ডেস্ক : খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগামী মার্চ ও এপ্রিলে ৫০ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের উপহার হিসেবে ঈদ উপলক্ষে এক কোটি নিম্নবিত্ত পরিবারকে বিনা মূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত ‘ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায়’ খাদ্য উপদেষ্টা এ কথা জানান।
রমজান মাসে নিম্নআয়ের মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা চাল যাতে সঠিকভাবে বিতরণ করা হয়, সেই বিষয়টি নিবিড়ভাবে মনিটরিং করার জন্য ঢাকা বিভাগের সব জেলা প্রশাসকদের নির্দেশনা দেন তিনি।
খাদ্যবান্ধব কর্মসূচি এবং ওএমএসের মাধ্যমে চাল বিতরণে স্থানীয় পর্যায়ে যেসব সমস্যা আছে, সেই বিষয়ে উপদেষ্টাকে অবহিত করেন জেলা প্রশাসকরা। উপদেষ্টা কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন এবং অবশিষ্ট সমস্যাগুলো দ্রুতই সমাধানের আশ্বাস দেন।
এতে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। মতবিনিময় সভায় খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :