কৃষকের ৭শত ফলন্ত পেঁপে গাছ গভীর রাতে কর্তন করেছে দুর্বৃত্তরা | Daily AjKaler Kontho

কৃষকের ৭শত ফলন্ত পেঁপে গাছ গভীর রাতে কর্তন করেছে দুর্বৃত্তরা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২৫, ৪:০৭ অপরাহ্ন
কৃষকের ৭শত ফলন্ত পেঁপে গাছ গভীর রাতে কর্তন করেছে দুর্বৃত্তরা

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে কৃষকের ৭ শত পেঁপে ধরা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা এতে ক্ষতি প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা। ২১ই ফেব্রুয়ারি শুক্রবার ভোর ৫ টার দিকে মাদারীপুর সদর উপজেলার শিরখারা ইউনিয়নের পশ্চিম মাঠ এলাকার সৌরভ খালাসির ছেলে সজল খালাসি (৪০) এর লিসে নেওয়া চাষি জমিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত কোহিনূর মাতুব্বর (৫২) নামের এক জনকে আটক করেছে পুলিশ।

এসময় ভুক্তভোগী সজল খালাসি জানান, আমি মিস্টার সান ও তার ৩ ভাইয়ের মালিকানাধীন মাদারীপুর সদর উপজেলার শিরখারা ইউনিয়নের পশ্চিমমাঠ গ্রামের বাহির চর মৌজার মোট ৫৫ শতাংশ জমি আবাদের জন্য নগদ ৩৫ হাজার টাকায় ৭ বছরের চুক্তিতে লিস নেই। এরপর আমি জমিতে প্রায় ৭শত পেঁপের চারা রোপন করি। কয়েক মাস পর পেঁপে গাছে ফল ধরে ও বিক্রির উপযোগী হয়। আমার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই আমাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে জমি ছাড়ার হুমকি দেয়। এ নিয়ে একাধিকবার এলাকার গুন্য মান্য ব্যক্তিদের নিয়ে শালিস বসানো হয়।

কিন্তু তারা শালিশ না মেনে কোন নোটিশ না দিয়েই আসামী পশ্চিম মাঠ এলাকার মৃত আ: মজিদ মাতুব্বরের ছেলে জাহাঙ্গীর মাতুব্বর (৫০) হাশেম মাতুব্বরের ছেলে কোহিনূর মাতুব্বর (৫০) ও রুপাই মাতুব্বরের ছেলে সাদ্দাম মাতুব্বর (৩০) তার সন্ত্রাসী বাহিনী নিয়ে শুক্রবার ভোরে ভেকু দিয়ে আমার আবাদি ৭ শত পেঁপে গাছ ও ফলন্ত পেঁপে কর্তন করে। এসময় আমরা বাধা দিতে আসলে সন্ত্রাসী বাহিনী আমাকে ও আমার পরিবারকে মেরে ফেলার হুমকি দেয়।আমার প্রায় ২৫ – ৩০ লক্ষ টাকার ক্ষতি করেছে এই সন্ত্রাসী বাহিনী। আমি প্রশাসনের নিকট এর সঠিক বিচার চাই।

এসময় ভুক্তভোগী সজল খালাসির মা বলেন, আমার ছেলে একজন কৃষক। সে লিসে জমি নিয়ে এই পেঁপে গাছ গুলো রোপণ করেছিলো আর তাতে অনেক পেঁপে ও ধরেছিলো। আমরা প্রায় ২৫-৩০ লাখ টাকা বিক্রি করতে পারতাম কিন্তু তা আর হলো না। জাহাঙ্গীর, কোহিনূর, সাদ্দাম এদের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার ছেলের সম্পদ নষ্ট করেছে। আমরা এখন নি:স্ব হয়ে গেছি সরকারের কাছে একটাই দাবি আমরা যেন এর সঠিক বিচার পাই।

এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর মাতুব্বরের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ওসি মো: মোকছেদুর রহমান বলেন, মাদারীপুর সদর উপজেলার শিরখারা ইউনিয়নের পশ্চিম মাঠ এলাকায় ৭ শত পেঁপে গাছ কর্তন করার সত্যতা পেয়েছি এবং একজনকে আটক করতে সক্ষম হই। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।