পবিপ্রবিতে বিএনপির দুই-গ্রুপের সংঘর্ষ, আহত ২ | Daily AjKaler Kontho

পবিপ্রবিতে বিএনপির দুই-গ্রুপের সংঘর্ষ, আহত ২


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২৫, ৩:০৩ অপরাহ্ন
পবিপ্রবিতে বিএনপির দুই-গ্রুপের সংঘর্ষ, আহত ২

পটুয়াখালী সদর থানা প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন।

রবিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্ত বাংলার সামনে এ সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শী ও সূত্র জানায়, আগামী ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভার জন্য আলতাফ হোসেন চৌধুরী ক্যাম্পাসে আসেন। তার এ আগমনকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

জানা যায়, আলতাফ হোসেন চৌধুরীর আমন্ত্রণে তার সমর্থক জসিম উদ্দিন হাওলাদার, ইব্রাহিম খলিল ও মতিউর রহমান দিপু উপস্থিত থাকলেও অপর পক্ষের নেতা আনোয়ার হোসেন হাওলাদার আমন্ত্রণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এই বিষয় নিয়েই উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে সংঘর্ষে বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান দিপু আহত হন।

সংঘর্ষের পর আহতদের দ্রুত দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ বিষয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, “ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন না করার কারণেই এমন ঘটনা ঘটেছে।”

অন্যদিকে, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান জানান, “আলতাফ হোসেন চৌধুরী পবিপ্রবি ক্যাম্পাসে আসবেন—এ বিষয়ে আমাদের কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।”

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং ক্যাম্পাসে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।