ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণা, এক তরুণ গ্রেফতার | Daily AjKaler Kontho

ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণা, এক তরুণ গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৫, ৫:২২ অপরাহ্ন
ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণা, এক তরুণ গ্রেফতার

আজাকলের কন্ঠ ডেস্ক : ফেসবুকে ভুয়া আইডি খুলে পাবজি গেম বিক্রির চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া এক তরুণকে গ্রেফতার করা হয়েছে।তার নাম এমকে সিয়াম (২২)।পুলিশ বলছে, গ্রেফতার সিয়াম একজন পেশাদার প্রতারক।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকা থেকে গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতার সিয়াম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে ফেক আইডি খোলে। সে এসব ফেক আইডিতে পাবজি গেম বিক্রির নানা চমকপ্রদ বিজ্ঞাপনের প্রচারণা চালাত।

পরে সে প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত।এমন প্রতারণার শিকার এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে সিয়ামের বিরুদ্ধে গত ৫ জুন ডিএমপির শাহজাহানপুর থানায় একটি প্রতারণার মামলা হয়। পরবর্তীতে মামলাটির তদন্তভার সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়।

ডিসি তালেবুর রহমান জানান, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় প্রতারক সিয়ামের অবস্থান শনাক্ত করা হয়। এরপর সিটিটিসির একটি চৌকস অভিযানিক দল গাইবান্ধা জেলা পুলিশের সহায়তায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানাধীন জীবনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।