নলছিটিতে সড়ক উন্মুক্ত করণ ও লাশ দাহ করার স্থান স্থানান্তরের দাবিতে মানববন্ধন | Daily AjKaler Kontho

নলছিটিতে সড়ক উন্মুক্ত করণ ও লাশ দাহ করার স্থান স্থানান্তরের দাবিতে মানববন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৫, ৪:১৬ অপরাহ্ন
নলছিটিতে সড়ক উন্মুক্ত করণ ও লাশ দাহ করার স্থান স্থানান্তরের দাবিতে মানববন্ধন

ঝালকাঠির নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে পৌরসভার পেছনের আটকে রাখা সড়ক উন্মুক্ত করার দাবি এবং হিন্দু ধর্মাবলম্বীদের লাশ দাহ করার স্থান শহরের ভিতর থেকে নির্জন স্থানে স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা।

সোমবার (১৭ ফেব্রুয়া‌রি) সকালে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করে নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী, পুরানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং স্থানীয় জনসাধারণ সহ প্রায় পাঁচ শতাধিক মানুষ।

এতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা নাসিম হোসেন, এ্যাডভোকেট রেজা, মাদ্রাসা শিক্ষার্থী ও ইসলামি ছাত্র আন্দোলনের পৌরসভার সাধারণ সম্পাদক হাফেজ মো:মাহফুজুর রহমান,মো:নাইম তালুকদার, শিক্ষার্থী মো:সাইফুল ইসলাম,স্থানীয় সমাজকর্মী বালী তূর্য।

বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেই শ্মশানের গেটটি তাদের সিমানায় নির্মানে দাবি জানান এবং নতুন গেট নির্মানে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।এবং শহরের মধ্যে এখন ঘন জনবসতি হওয়ায় দাহ করার স্থানটিকে নদীর তীরে নির্জন স্থানে যেখানে পূর্বেই নির্ধারণ করা হয়েছিলো সেখানে সরিয়ে নেয়ার জন্য আহবান জানান। এতে বর্তমান শ্মশানের সৌন্দর্য আরও বারবে বলেও রাস্তাটি উন্মুক্ত করে দেয়ার দাবি জানান।

রাস্তাটি নলছিটি পৌরসভার নামে রেকর্ডভুক্ত জমিতে নির্মিত এবং এই একই পথে মুসলিম গোরস্থান এবং আবাসিক বাড়িঘর রয়েছে, রাস্তাটি উন্মুক্ত না হলে সেগুলো অগ্নিকাণ্ডের ঝুকিতে রয়েছে এবং লাশ দাহ করার সময় দুর্গন্ধে পুরো এলাকার পরিবেশ নষ্ট হয়ে যায় ও পাশেই মাদ্রাসা ও স্কুল থাকায় শিক্ষার্থীরা ভয় পায় এবং ভয়ে স্কুল ও মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা চলে যান।সড়কটি উন্মুক্ত হলে মাদ্রাসা এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলেও সুবিধা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে মিছিলটি নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় গিয়ে শেষ হয়।