নারায়ণগঞ্জের রূপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ২০ ঘরে ভাঙচুর, লুটপাট | Daily AjKaler Kontho

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ২০ ঘরে ভাঙচুর, লুটপাট


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৫, ৫:৪০ অপরাহ্ন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ২০ ঘরে ভাঙচুর, লুটপাট

নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর ভাঙচুর চালিয়ে দরজা-জানালা লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকার আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা বসবাসরত লোকজনকে আশ্রয়ণ প্রকল্প ছেড়ে চলে যেতে হুমকি দিয়ে যায়।

স্থানীয় সূত্র জানা গেছে, মুড়াপাড়া দড়িকান্দি এলাকায় সরকারিভাবে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর নির্মাণ করা হয়। প্রকল্পের বাকি ঘরগুলো কাঞ্চন বিরাবসহ বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দড়িকান্দি এলাকার আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘরে হামলা ও ভাঙচুর চালাতে থাকে। এ সময় তারা ২০টি ঘরের সবাইকে বাড়ি থেকে বের দেয়। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টাব্যাপী চলে এ তাণ্ডব। খবর পেয়ে দুপুর ৩টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীসহ যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সহকারী কমিশনার (ভূমি) তরিকুল আলম বলেন, ‘আমি শুক্রবার ভোরে ভাঙচুর ও লুটপাটের খবর পাই। পরে স্থানীয় সেনা ক্যাম্পের সদস্য ও পুলিশ সদস্যদের নিয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে যাই। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এখনো মামলার জন্য কাউকে বাদী হিসেবে পাওয়া যায়নি। পুলিশ তাদের মতো করে ব্যবস্থা নেবে।’