
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট সদ্য ঘোষিত পূর্নাঙ্গ কমিটিকে অবৈধ দাবী করে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন।
রোববার (৯ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে লোহাগড়া প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লোহাগড়া উপজেলা বিএনপি সদ্য ঘোষিত কমিটির সহ-সভাপতি মো: সাচ্চু মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এ সাইফুল্লাহ মামুন, সদ্য ঘোষিত পৌর বিএনপির সহ-সভাপতি এস এম শাহিন বিপ্লব ও নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল হাসান প্রমূখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিগত ২০২৪ সালের ২৬ অক্টোবর লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ওই সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে যে সব নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছিল, তাদেরকে সদ্য ঘোষিত কমিটিতে রাখা হয় নাই। তাই আমরা উপজেলা ও পৌর বিএনপির সকল নেতা-কর্মী ও সমর্থকরা উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত পূর্নাঙ্গ কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে কমিটি করার দাবী জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে বিএনপির নেতৃবৃন্দ আরও অভিযোগ করে বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বর্তমান নেতৃবৃন্দ কোন মূল্যায়নই করেন নাই। আমরা এই ঘটনায় বিস্মিত হয়েছি এবং অবিলম্বে সদ্য ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির পূর্নাঙ্গ কমিটি বাতিল করে জেল জুলুম নির্যাতনের শিকার যারা হয়েছে তাদেরকে মূল্যায়ন করে কমিটি করার জোর দাবি জানাচ্ছি।
এসব অভিযোগের বিষয়ে জানতে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু বলেন, ‘সাংগঠনিক নিয়ম কানুন মেনেই কমিটি ঘোষণা করা হয়েছে। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতৃবৃন্দকে মূল্যায়ন করা হয়েছে।
লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ ও সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু তাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, কমিটি অবৈধ না। সম্মেলনের পর উপজেলা ও পৌর বিএনপি’র কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। কমিটিতে যোগ্য ত্যাগী নেতা-কর্মীদের রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনের পর একই দাবীতে বিক্ষুব্ধ নেতা- কর্মীরা লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল সমাবেশ করেন।
আপনার মতামত লিখুন :