নওগাঁয় সরিষা চাষে চাষীদের মুখে হাসি | Daily AjKaler Kontho

নওগাঁয় সরিষা চাষে চাষীদের মুখে হাসি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
নওগাঁয় সরিষা চাষে চাষীদের মুখে হাসি

রাণীনগর (নওগাঁ) উপজেলা প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মাঠে মাঠে সরিষা চাষ, ফলন ভালো হওয়ায় কৃষকের বুকে স্বস্তির নিঃশ্বাস আর মুখে মুখে আনন্দের হাসি। উত্তর বঙ্গের শস্য ভান্ডার নামে পরিচিত নওগাঁ জেলার রানীনগর উপজেলায় বিভিন্ন এলাকা জুড়ে চাষ করা হয়েছে উন্নত জাতের সরিষা ফসল। এই উপজেলার প্রায় সকল ইউনিয়ন জুড়ে কৃষকেরা আমন ধান ঘরে তুলে মাঠের পর মাঠ জুড়ে বিভিন্ন জাতের সরিষার চাষ করেছে। রাণীনগর উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাশিমপুর উত্তর পাড়া গ্রামের কৃষক মোঃ আব্দুল হাই কে সরেজমিনে মাঠে গিয়ে সরিষা চাষ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি জানান সরিষার ফলন ভালো হওয়ায় আমরা কৃষকরা খুব খুশি। তিনি বলেন আমন ধান কেটে জমি ফাঁকা ফেলে না রেখে সরিষা চাষ করলে একদিকে যেমন জমির উর্বরতা বাড়ে অন্যদিকে অল্প জমিতে একই মৌসুমে বেশি ফসল উৎপাদন করা যায়।

২নং কাশিমপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নাছির উদ্দিন রাজ্জাক কে সরিষা চাষ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমাদের এলাকার প্রতিটি কৃষক আমন ধান কেটে নিয়ে তাদের জমিতে বিভিন্ন জাতের সরিষা চাষ করেছে। এতে করে একদিকে যেমন দেশে সরিষার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে তেমনিভাবে কৃষকদের মধ্যে মৌসুমী বেকারত্বের হার কমে যাচ্ছে। তিনি আরও জানান প্রকৃত কৃষকদের সরিষা চাষের জন্য সরকারীভাবে সরিষা বীজ এবং প্রয়োজনীয় সার ফসফেট প্রদান করা হয়েছে।

এব্যাপারে রাণীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জাহিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, রাণীনগর উপজেলায় এবছর প্রায় ৩৮৫০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আনুমানিক ৪০০০-৪২০০ মেট্রিক টন। তিনি আরও জানান সরিষা চাষে কৃষকদের উদ্যোগী করার লক্ষ্যে প্রকৃত কৃষকদের মাঝে সরকারীভাবে প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে।