দেবিদ্বারে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে এক ছাত্রলীগ কর্মী গ্রেফতার | Daily AjKaler Kontho

দেবিদ্বারে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে এক ছাত্রলীগ কর্মী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৫, ৫:৩২ অপরাহ্ন
দেবিদ্বারে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে এক ছাত্রলীগ কর্মী গ্রেফতার

কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লা দেবিদ্বারে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে সোমবার দিবাগত রাতে মোঃ সজিব (২৪) নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আটককৃত ছাত্রলীগ কর্মী উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামের ফুল মিয়ার ছেলে এবং জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট বাজারে দোকানে দোকানে লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই বাজারে অভিযান চালায়।

ওই সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে সোমবার দিবাগত রাতে মোঃ সজিব নামের ছাত্রলীগ কর্মীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন পুলিশ। মঙ্গলবার দুপুরে আটককৃত সজিবকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে দেবিদ্বার অফিসার ইনচার্জ (ওসি) শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, লিফলেট বিতরণের অভিযোগে আটক ছাত্রলীগ কর্মীকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।