কোহলি আর সেরা চারে থাকার যোগ্য নয় | Daily AjKaler Kontho

কোহলি আর সেরা চারে থাকার যোগ্য নয়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৫, ২:০০ অপরাহ্ন
কোহলি আর সেরা চারে থাকার যোগ্য নয়

স্পোর্টস ডেস্ক : সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং বর্তমান টেস্ট ক্রিকেটের সেরা চার বা ফ্যাব ফোর ব্যাটারের তালিকা থেকে বিরাট কোহলিকে বাদ দিয়েছেন। একসময় তার প্রজন্মের সেরা ব্যাটার হিসেবে বিবেচিত হলেও সাম্প্রতিক ফর্মের কারণে জো রুট, কেন উইলিয়ামসন এবং স্টিভ স্মিথকে তার থেকে এগিয়ে রেখেছেন পন্টিং।

দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক পন্টিং স্বীকার করেছেন যে অতীতে কোহলির আধিপত্য ছিল, তবে সাম্প্রতিক পারফরম্যান্স তার অবস্থানকে নড়বড়ে করে দিয়েছে। পন্টিং সম্প্রতি দ্য সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ’পাঁচ-ছয় বছর আগে, ফ্যাব ফোরের তালিকায় কোহলি, রুট, উইলিয়ামসন এবং স্মিথ ছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। গত চার বছরে জো রুট ১৯টি সেঞ্চুরি করেছে, অন্যদিকে স্মিথ ও উইলিয়ামসন ধারাবাহিকতা ধরে রেখেছে।’

কোহলি তো এই হিসেবেই আর নেই। তাহলে বাকি তিন ব্যাটারের মধ্যে সেরা কে? অস্ট্রেলিয়ার ২ বিশ্বকাপজয়ী অধিনায়ক জানালেন তার রায়, ’আপনি যদি একজন ইংরেজকে জিজ্ঞেস করেন, তারা রুটকে বলবে; একজন অস্ট্রেলিয়ান বলবে স্মিথ; আর একজন কিউই বলবে উইলিয়ামসন। শুধুমাত্র পরিসংখ্যানের ভিত্তিতে দেখলেও স্মিথের অর্জন নিয়ে তর্ক করা কঠিন।’

এই মন্তব্যের পেছনে বড় কারণ স্টিভ স্মিথের সাম্প্রতিক কীর্তি। সম্প্রতি তিনি টেস্ট ক্রিকেটে ১০,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন, যা তাকে রিকি পন্টিং, অ্যালান বর্ডার ও স্টিভ ওয়ের মতো অস্ট্রেলিয়ান কিংবদন্তিদের কাতারে পৌঁছে দিয়েছে।