নারী ফুটবল ম্যাচ আয়োজনে বাধা-ভাঙচুরের ঘটনায় বাফুফের প্রতিবাদ | Daily AjKaler Kontho

নারী ফুটবল ম্যাচ আয়োজনে বাধা-ভাঙচুরের ঘটনায় বাফুফের প্রতিবাদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
নারী ফুটবল ম্যাচ আয়োজনে বাধা-ভাঙচুরের ঘটনায় বাফুফের প্রতিবাদ

স্পোর্টস ডেস্ক : জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয়ের মাঠে নারী ফুটবল ম্যাচ আয়োজনের কথা ছিল। কিন্তু নারীদের ফুটবল ম্যাচ ঠেকাতে প্রতিবাদ জানান এলাকার মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লিরা। ভেঙে ফেলেন স্কুল মাঠের টিনের নিরাপত্তাবেড়া। যা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বয়ছে। তবে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাফুফে।

গত বুধবার (২৯ জানুয়ারি) নারী ফুটবল ম্যাচ আয়োজনে বাধা-ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এমন ঘটনার নিন্দা জানিয়ে বাফুফে লিখেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা বন্ধ করার উদ্দেশ্যে টিনের বেড়া ভাঙচুরের ঘটনাকে সমর্থন করে না।

দেশের ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ নির্বিঘ্ন রাখতে সবার প্রতি আহ্বান বাফুফের, ‘ফুটবল সবার জন্য এবং নারী ফুটবলারদের খেলাধুলায় অংশগ্রহণের পূর্ণ অধিকার আছে। নারীদের খেলাধুলায় বাধা সৃষ্টি করা ক্রীড়ার উন্নয়ন ও অগ্রগতির পরিপন্থি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিশ্বাস করে দেশের ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ অব্যাহত রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।’

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও নারীদের ফুটবল খেলায় যেন কোনো ধরনের বাধার সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানায় বাফুফে।

‘আমরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এবং নারীদের ফুটবল খেলায় যেন কোনও ধরনের বাধা সৃষ্টি না হয়, তা নিশ্চিত করা হোক।’