এক মাসে তৃতীয়বার বাড়ল স্বর্ণের দাম | Daily AjKaler Kontho

এক মাসে তৃতীয়বার বাড়ল স্বর্ণের দাম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
এক মাসে তৃতীয়বার বাড়ল স্বর্ণের দাম

আজকালের কন্ঠ ডেস্ক : নতুন বছরে দেশের বাজারে পর পর তৃতীয়বারের মতো বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৩৬৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ৭৯১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

গত বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪২ হাজার ৭৯১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৬ হাজার ৩০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ৮২৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৬ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সবশেষ গত ২২ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।সে সময় ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৫ হাজার ৭১৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৫ হাজার ৬২ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল গত ২৩ জানুয়ারি থেকে।

এ নিয়ে চলতি বছর ৩ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে তিনবারই।
আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।