২১ সেনাসদস্য পেলেন সেনাপ্রধানের প্রশংসাপত্র ও শুদ্ধাচার পুরস্কার | Daily AjKaler Kontho

২১ সেনাসদস্য পেলেন সেনাপ্রধানের প্রশংসাপত্র ও শুদ্ধাচার পুরস্কার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৩, ৩:৩৭ অপরাহ্ন
২১ সেনাসদস্য পেলেন সেনাপ্রধানের প্রশংসাপত্র ও শুদ্ধাচার পুরস্কার

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাবাহিনীতে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সাত সেনাসদস্যকে সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র (অপারেশনাল ও নন-অপারেশনাল) প্রদান করেছেন। একই সঙ্গে তাদের ইনসিগনিয়া পরিয়ে দেন সেনাপ্রধান।

এছাড়াও ২০২২-২৩ অর্থবছরে সেনাসদর পর্যায়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য পুরস্কারপ্রাপ্ত ১৪ সেনাসদস্যকে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

রোববার (২৭ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সেনাবাহিনীতে কর্তব্যনিষ্ঠা, আনুগত্য, দেশপ্রেম, দৃষ্টান্তমূলক ও দুঃসাহসিক কার্যকলাপের স্বীকৃতিস্বরূপ অপারেশনাল ও নন-অপারেশনাল সফলতার জন্য সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র ও ইনসিগনিয়া প্রাপ্তির জন্য বিবেচনা করা হয়। এছাড়া বাংলাদেশ সরকার কর্তৃক বাস্তবায়িত শুদ্ধাচার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতিপ্রাপ্ত সেনাসদস্যদের অত্যন্ত উচ্চ মনোবল, কর্মস্পৃহা, দেশপ্রেম ও দায়িত্বের প্রতি অবিচল আস্থার জন্য ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, তাদের এ স্পৃহা সবার জন্য পাথেয়। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্যকে এ ধরনের অনুকরণীয় কাজের জন্য নির্দেশনা দেন।

বাংলাদেশ সরকার কর্তৃক বাস্তবায়িত শুদ্ধাচার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে সেনাবাহিনীতে এ বছর মোট ২৬০ জন জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কারপ্রাপ্ত হন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে দ্বিতীয়বারের মত আনুষ্ঠানিকতার মাধ্যমে সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র ও ইনসিগনিয়া এবং জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সেনাসদর, ঢাকা ও মিরপুর সেনানিবাসের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ বিভিন্ন পদবির কর্মকর্তা, জেসিও ও অন্য সৈনিকরা উপস্থিত ছিলেন।