
স্পোর্টস ডেস্ক : শেষের পথে বিপিএল। ১০ ম্যাচ শেষে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের অবস্থান তালিকার ৬ নম্বরে। অবশ্য এখনও দুই ম্যাচ বাকি থাকায় প্লে-অফের রেসে টিকে আছে দলটি। আর এই অবস্থায় এসে নতুন চমক দেখালেন শাকিব খান। অস্ট্রেলিয়া থেকে তানজিদ তামিম ও লিটন দাসদের জন্য ‘হোস্ট’ উড়িয়ে এনেছেন তিনি।
টুর্নামেন্টের একেবারে শেষ দিকে এসে বড় এই চমক দেখাল শাকিব খানের দল। অস্ট্রেলিয়ান উপস্থাপককে নিয়োগ দিয়েছে দলটি। যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
ঢাকা ক্যাপিটালসে যোগ দিতে যাওয়া উপস্থাপিকা কেজিয়া ডাউন নিজ দেশ অস্ট্রেলিয়ায় সংবাদ উপস্থাপনার পাশাপাশি ক্রীড়াঙ্গনে ‘হোস্ট’ হিসেবে কাজ করেন। তবে তাকে মূলত দেখা যায় ‘মোটরস্পোর্টস’ ইভেন্টে। এই খেলায় তার বিশেষ আগ্রহ ও অভিজ্ঞতা রয়েছে বলেও জানা গেছে। সেই তাকেই এবার নিয়োগ দিয়েছে শাকিব খানের ঢাকা।
কেজিয়ার অবশ্য স্পোর্টসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বেশ পুরনো। ২০১৯ সালে অস্ট্রেলিয়া ফুটবল লিগের (এএফএল) আদিবাসি খেলোয়াড়দের নিয়ে সংবাদ পরিবেশনের জন্য সেরা ক্রীড়া সাংবাদিকের পুরস্কার জিতেছিলেন তিনি। প্রাণবন্ত উপস্থাপনা ও আকর্ষণীয় বাচনভঙ্গির জন্য অস্ট্রেলিয়ায় বেশ পরিচিতি কেজিয়া।
আপনার মতামত লিখুন :