কুয়াকাটায় আদিবাসী রাখাইন পাড়ার জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  | Daily AjKaler Kontho

কুয়াকাটায় আদিবাসী রাখাইন পাড়ার জমি দখলের প্রতিবাদে মানববন্ধন 


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৫, ৫:১৮ অপরাহ্ন
কুয়াকাটায় আদিবাসী রাখাইন পাড়ার জমি দখলের প্রতিবাদে মানববন্ধন 

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : কুয়াকাটায় রাখাইনদের পাড়া অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১ টার দিকে নয়াপাড়া সংলগ্ন কুয়াকাটা-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে কুয়াকাটাসহ উপকূলীয় এলাকার বিভিন্ন পাড়া থেকে আগত শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

এসময় বক্তব্য দেন পটুয়াখালী জেলা রাখাইন বুড্ডিষ্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এমং তালুকদার, সাধারণ সম্পাদক মংলাচিং রাখাইন, সাংগঠনিক সম্পাদক ম্যাথুসে রাখাইন, বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য মং ম্যা এবং রাখাইনদের নারী সদস্য নুনোই, মাওয়েন সহ আরো অনেকে।

বক্তারা বলেন, সম্প্রতি সময়ে মহিপুরের আবু তাহের গাজী আদিবাসী রাখাইনদের প্রায় শত বছরের পুরানো নয়াপাড়ার জমি দখলের চেষ্টা করে আসছেন। গতকাল (১৯ জানুয়ারি) তিনি লোকজন নিয়ে এসে পাড়ার মধ্যে সীমানা পিলার স্থাপন করেছেন। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এসব পিলার অপসারণ না করলে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন রাখাইন নেতারা।

এ বিষয়ে আবু তাহের গাজী বলেন, আমি ‌রাখাইনদের জমিতে পিলার স্থাপন করিনি। আমার রেকর্ডীয় জমি সরকারি সার্ভেয়ার পরিমাপ করে বুঝিয়ে দিয়েছেন। আমার বিরুদ্ধে তারা মিথ্যা অভিযোগ দিচ্ছেন।