কেরানীগঞ্জে আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণ আহত-৪ | Daily AjKaler Kontho

কেরানীগঞ্জে আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণ আহত-৪


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৫, ৭:৫২ অপরাহ্ন
কেরানীগঞ্জে আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণ আহত-৪

কেরাণীগঞ্জ থেকে মো.মাহবুব আলী : ঢাকার কেরানীগঞ্জে একটি ছয় তলা আবাসিক ভবনের নিচ তলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ১৯ জানুয়ারিরবিবার ভোর চারটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালিগঞ্জ এলাকার স্বাধীন শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনের নিচতলার কলাম ভেঙ্গে ভবনটি পার্শ্ববর্তী তিন তলা বিল্ডিং এর উপর হেলে পড়ে। বিস্ফোরণে একজন গুরুতর অগ্নিদগ্ধসহ মোট চারজন আহত হয়েছে। আহতরা হলো, কলি (৩২),আঁখি (২৮) ও তার ছেলে আবির(১০) এবং সজীব (২৫)। এ ঘটনায় সজীব জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছে। জানা গেছে, ভোরে বিকট শব্দে বিস্ফোরিত হওয়ার পর আগুন ধরে যায়,এ সময়
আশেপাশের বেশ কয়েকটি ভবনের জানালারা গ্লাস ও দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে বাড়িটিকে পরিত্যক্ত
ঘোষণা করে বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। তবে কি কারনে এই ভয়াবহ বিস্ফোরণ সে বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি।
আহত আখি আক্তার জানান, রাতে ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলাম। ভোর চারটার দিকে হঠাৎই বিস্ফোরণে আমার ঘরের দেয়াল ভেঙে পড়ে যায় এবং জানালা খুলে আমার পায়ের উপর পড়ে। অপরদিকে খাটের উপরে শুয়ে থাকা ছেলের মাথার উপর ফ্যান খুলে পড়ে যায়। চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলে,কোনরকমে ঘর থেকে ছেলেকে নিয়ে বেরিয়ে আসি। পরে এলাকাবাসী আমাদেরকে হাসপাতালে নিয়ে যায়। ঘরের সমস্ত আসবাবপত্র দেয়ালের নিচে চাপা পড়ে যায়।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কাজল মিয়া জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে গ্যাসের লিকেজ অথবা সুয়্যারেজ
থেকে বিস্ফোরণ হতে পারে মনে হলেও তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে। যেহেতু ভবনটি পাসের একটি তিন তলা ভবনের সাথে হেলে পড়েছে তাই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে বাসিন্দাদের সেখান থেকে সরে যেতে বলা হয়েছে।