১৩ দিন বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মূল চ্যানেলে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে এই নৌপথে চলাচল শুরু হয়েছে। এর আগে, নাব্যতা সংকটের কারণে গত ২৯ আগস্ট থেকে ওই চ্যানেলটি বন্ধ হয়ে যায়। ৩০ আগস্ট থেকে ড্রেজিং শুরু করে টানা ১২ দিন ড্রেজিং করে গতকাল রাতে ওই চ্যানেলের নাব্যতা ফিরিয়ে আনতে সক্ষম হয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিসিএ’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আব্দুস সাত্তার এসব তথ্য জানান। তিনি বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নাব্যতা সংকট থাকায় গত ৩০ আগস্ট থেকে ফেরিগুলো বিকল্পপথে চলাচল করছিল। এ কারণে ফেরি চলাচলে সময় বেশি লাগছিল। দীর্ঘ ১২ দিন ড্রেজিং করার ফলে গতকাল রাতেই মূল চ্যানেলের নাব্যতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। আজ সকাল থেকে ফেরিগুলো মূল চ্যানেল দিয়ে চলাচল করছে। এতে সময় ও অর্থ সাশ্রয় হবে। তবে, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল শুরু না হলে পাটুরিয়া ঘাটের অবস্থা পুরোপুরি স্বাভাবিক রাখা সম্ভব নয়।’
তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল চ্যানেল চালু হলেও পাটুরিয়া ঘাটের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।
গত ৯ দিন ধরে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে বাড়তি গাড়ির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যাত্রী ও পচনশীল জরুরি পণ্যবাহী গাড়িগুলোকে অগ্রাধিকারভিত্তিতে পার করার কারণে পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়ছে শত শত পণ্যবাহী ট্রাক। এতে ভোগান্তিতে পড়েছেন ট্রাকের চালক ও সহযোগীরা।
আপনার মতামত লিখুন :