
বরিশাল প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনার পতন শুধু এক মাসের সাফল্য নয়। এ সফলতা ১৫ বছরের বিএনপির আন্দোলনের ফসল। বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব- একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। শনিবার বরিশাল প্রেস ক্লাবে মহানগর বিএনপির আহবায়ক কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বরিশাল বিভাগীয় দলনেতা মিন্টু আরও বলেন, সংগঠনের নীতির পরিপন্থি কাজ করায় প্রায় ১২০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বরিশালে কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকলে দল সঠিক অ্যাকশন নেবে। তিনি আরও বলেন, সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করতে হবে। ভবিষ্যতে নতুন কমিটি হবে, অনেকে অনেক ধরনের কথা বলবে। অনেক মতামত দেবে। তাদের মতামতের ভিত্তিতে দলকে নতুন করে সাজানো হবে।
বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান প্রমুখ।
আপনার মতামত লিখুন :