নেত্রকোনার দুর্গাপুরে এসআই হত্যাকান্ডের ঘটনায় দুই যুবক আটক | Daily AjKaler Kontho

নেত্রকোনার দুর্গাপুরে এসআই হত্যাকান্ডের ঘটনায় দুই যুবক আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
নেত্রকোনার দুর্গাপুরে এসআই হত্যাকান্ডের ঘটনায় দুই যুবক আটক

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোণায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত শনিবার (১১ জানুয়ারি) বিকেলে পিবিআই ময়মনসিংহ ও নেত্রকোনা কার্যালয়ে সদস্যরা দুর্গাপুর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- দুর্গাপুর উপজেলার উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে সাজিবুল ইসলাম অপূর্ব (২৬) ও দূর্গাপুর দক্ষিণপাড়ার হাজী আব্দুর রহমানের ছেলে মো. বাকি বিল্লাহ (২৬)।

নিহত এসআই শফিকুল ইসলাম দূর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় নি-হতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেছেন।

পিবিআই ময়মনসিংহ কার্যালয়ের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত লাল রঙের একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এ হত্যাকাণ্ডে বেশ কয়েকজন জড়িত। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না। এ ছাড়া মামলাটি থানা-পুলিশের কাছ থেকে পিবিআইয়ে স্থানান্তরের কার্যক্রমও চলমান।