মিনিটে ৩০ কোটি টাকা পকেটে পুরেছেন নেইমার | Daily AjKaler Kontho

মিনিটে ৩০ কোটি টাকা পকেটে পুরেছেন নেইমার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
মিনিটে ৩০ কোটি টাকা পকেটে পুরেছেন নেইমার

স্পোর্টস ডেস্ক : রেকর্ড টাকায় নেইমারকে বার্সেলোনা থেকে দলে ভিড়িয়েছিল পিএসজি। শুরুটা ভালো হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চোট জর্জরিত হয়েছেন নেইমার।সেই নেইমার এরপর সৌদি আরবের ক্লাব আল হিলালে নাম লেখালেও চোট তার পিছু ছাড়েনি।

আল হিলালে নাম লেখানোর ১৮ মাসে নেইমার খেলেছেন মোটে ৭ ম্যাচ। তবে এ সময়ে চুক্তির পুরো টাকাটাই পকেটে পুরেছেন তিনি। আর সেই টাকার পরিমাণ জানলে চোখ কপালে উঠতে পারে যে কারও।

২০২৩ সালের গ্রীষ্মে পিএসজি থেকে বিশাল অংকের চুক্তিতে আল হিলালে এসেই একের পর এক চোটে পড়েন নেইমার। গেল ২০২৪ সালে আল হিলালের জার্সিতে খেলতে পেরেছেন মোটে ২ ম্যাচ। তাও দু’ ম্যাচ মিলিয়ে মোটে ৪২ মিনিট। অথচ, এই বছরটাতে নেইমারকে চুক্তির পুরো টাকাটাই দিতে হয়েছে ক্লাব কর্তৃপক্ষকে।

ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, গত বছর ৪২ মিনিট খেলেই ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার।অর্থাৎ মিনিট হিসেবে যা প্রায় ২৪ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ৩০ কোটি টাকার ওপরে। হিসাবটা যদি সেকেন্ডে করা হয়, তাহলে আল হিলালের হয়ে ১ সেকেন্ডের জন্য ৫০ লাখ টাকার বেশি করে পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা!