
নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মোঃ আবুল কালাম শেখ (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে ০৩ কার্টুন অবৈধ বিদেশী ব্রান্ডের সিগারেট সহ গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ ও নাজিরপুর থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত ০১টার দিকে উপজেলার মালিখালি ইউনিয়নের পোনাখালী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গ্রেফতারকৃত আবুল কালাম শেখ উপজেলার মালিখালী ইউনিয়নের পোনাখালী গ্রামের মৃত: মোতালেব শেখের ছেলে। তিনি একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মুকিত হাসান খাঁন নিশ্চিত করে জানান, সরকারি শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে ঢাকা ও চট্টগ্রাম থেকে বিদেশি ব্র্যান্ডের অবৈধ সিগারেট এনে খুলনা, বাগেরহাটে ও পিরোজপুরের বিভিন্ন এলাকার হাটে বাজারে সরবরাহ করতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং তার মা আলেকজান বিবির বসতবাড়ির টিনের তৈরি স্টোর রুম থেকে ০৩ কার্টুন অবৈধ বিদেশী ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের মূল্য আনুমানিক ০১ লক্ষ ২০ হাজার টাকা।
তিনি আরো জানান, এ বিষয়ে নাজিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে, এবং আসামীকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ / নাজমুল / এম
আপনার মতামত লিখুন :