কালকিনিতে ট্রিপল মার্ডারের ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ : সেনাবাহিনী মোতায়েন | Daily AjKaler Kontho

কালকিনিতে ট্রিপল মার্ডারের ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ : সেনাবাহিনী মোতায়েন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৪, ১:৫৩ অপরাহ্ন
কালকিনিতে ট্রিপল মার্ডারের ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ : সেনাবাহিনী মোতায়েন

স্টাফ রিপোর্টার , মাদারীপুর : মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় এলাকায় এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে। এ ঘটনায় দোষীদের ধরতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।তবে গতকাল মধ্যরাত পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

এদিকে শুক্রবার সকালে হত্যাকান্ডের ঘটনা ঘটলেও এখনো কাউকে আটক করতে পারেনি আইনশৃংখলা বাহিনী। অপরদিকে নি-হতদের লাশ শনিবার ময়নাতদন্ত শেষে এলাকায় দাফন করা হয়েছে বলে জানিয়েছে নি-হতের স্বজনেরা।এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

এদিকে হামলায় ইউপি সদস্য আক্তার শিকদারের ঘর সহ আশেপাশের বেশ কয়েকটি ঘর ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন।তাদের ভয়ে এলাকা ছাড়া সাধারন মানুষও।যেকোনো মুহূর্তে আবারও সংঘর্ষের আশঙ্কায় আতঙ্কিত এই এলাকার সাধারণ মানুষ। যারা নিহতদের লাশ দেখতে এসেছেন, তারা বেশিরভাগই দুর হতে এসেছেন।

এ ব্যাপারে মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্তি পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।হামলার সাথে জড়িতদের ধরতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য,গতকাল ভোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য আক্তার শিকদারের লোকজনের সংঘর্ষে ইউপি সদস্য আক্তার শিকদার,তার ছেলে মারুফ শিকদার ও তার সমর্থক সিরাজুল চৌকিদার খুন হন। এ ঘটনায় আহত হন আরো অন্তত ২০ জন।