ওচমানপুর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে দিবা-রাত্রি ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন | Daily AjKaler Kontho

ওচমানপুর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে দিবা-রাত্রি ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৪, ৪:৪৭ অপরাহ্ন
ওচমানপুর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে দিবা-রাত্রি ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন

নুরহোসেন মিয়া, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ নং ওচমানপুর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে দিবা-রাত্রি ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ওচমানপুর নূরীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে দিনব্যাপী এই টুর্ণামেন্টে ওই ইউনিয়নের ৮ টি দল অংশগ্রহণ করে। খেলার ফলাফলে ৯ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হয় এবং ৬ নং ওয়ার্ড রানার্সআপ হয়।

ওচমানপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ইকবাল হোসাইন চৌধুরীর সার্বিক তত্বাবধানে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর আলা উদ্দিন শিকদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধূলার মাধ্যমে একদিকে আমাদের শারিরিক গঠন হয় অন্যদিকে আমাদের বিনোদনের সুন্দর আয়োজন হয়। আমাদের যুবসমাজের অবক্ষয় ও মাদকাসক্ততা থেকে দূরে রাখতে তাদের নৈতিক প্রশিক্ষণ বা আদর্শিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে হবে। আর যদি তা না হয় যেই লক্ষ্যে ৭১ সালের স্বাধীনতা অর্জন এবং ২৪ এর গণঅভ্যূত্থানে যে বিজয় অর্জিত হয়েছে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না। আজকের যুবসমাজ আগামীদিনের ভবিষ্যৎ, তারই আগামীদিনে দেশ পরিচালনা করবে। তাই তাদের সঠিকভাবে বেড়ে উঠার জন্য খেলাধূলার প্রয়োজন রয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি ফজলুল করিম, চট্টগ্রাম জেলা জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ সম্পাদক মাষ্টার নুর সালাম, মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুরুল কবির, জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি আনোয়ার হোসেন, ওচমানপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুল মোতালেব, বায়তুল মাল সম্পাদক ডা. এমদাদুল হক, ব্যবসায়ী ফারুক হোসেন, ওচমানপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোশাররফ হোসেন, সেক্রেটারী ইমাম হোসেন, বায়তুল মাল সম্পাদক ইউসুফ করিম প্রমুখ। টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয় ফাহাদ এবং সেরা বোলার নির্বাচিত হয় রিফাত।