দেবর ভাবিকে খুন করে তাবলিগ জামাতে আত্মগোপন | Daily AjKaler Kontho

দেবর ভাবিকে খুন করে তাবলিগ জামাতে আত্মগোপন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন
দেবর ভাবিকে খুন করে তাবলিগ জামাতে আত্মগোপন

নোয়াখালী জেলা প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় ভাবি শাহনাজ আক্তার পিংকিকে (৩০) হত্যার ঘটনায় প্রধান আসামি চাচাতো দেবর খালেদ সাইফুল্ল্যাহকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

গত সোমবার (২৩ ডিসেম্বর) রাতে নরসিংদীর মনোহরদী থানার মৌলভীবাজার এলাকার নলুয়া জামে মসজিদ থেকে তাকে গ্রেফতার করা হয়। খুনের পর তিনি সেখানে তাবলিগ জামাতের সঙ্গে গিয়ে আত্মগোপন করেন।

গ্রেফতার খালেদ সাইফুল্ল্যাহ বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পৌর হাজীপুর গ্রামের আব্দুল কাইয়ুম লিটনের ছেলে।নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহীম গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, প্রযুক্তির সহায়তায় দেখা যায়, পিংকিকে খুনের পর আসামি খালেদ সাইফুল্যাহ মাইজদী-সোনাপুর- কবিরহাট রোড হয়ে সিএনজিযোগে ফেনী পৌঁছান। পরে বাসযোগে ঢাকার কাকরাইল জামে মসজিদে গিয়ে তাবলিগ জামাতের সঙ্গে তিন দিন থাকেন। পরে সেখান থেকে নরসিংদী গিয়ে তাবলিগে আত্মগোপন করেন। সোমবার রাতে সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান গণমাধ্যমকে বলেন, আসামি খালেদ সাইফুল্যাহর বিরুদ্ধে হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার আরও দুই সহযোগী পলাতক। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।