শরীয়তপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মেয়র বাচ্চু ব্যাপারীকে গ্রেপ্তার | Daily AjKaler Kontho

শরীয়তপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মেয়র বাচ্চু ব্যাপারীকে গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন
শরীয়তপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মেয়র বাচ্চু ব্যাপারীকে গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি : ডামুড্যা থানা সূত্র জানায়, শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র ছিলেন বাচ্চু ব্যাপারী। তিনি শরীয়তপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর সহযোগী ছিলেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর সাবেক এমপির সঙ্গে বাচ্চু ব্যাপারীও পলাতক ছিলেন।

গত রোববার শরীয়তপুর সদরের পালং মডেল থানা ও ডামুড্যা থানার পুলিশ বাচ্চু ব্যাপারীর পৌরসভার চরপালং এলাকার বাড়িতে অভিযান চালায়। দুপুর ১টার দিকে বাড়ির একটি ঘর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ডামুড্যা থানার দায়ের করা একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাচ্চু ব্যাপারীকে গ্রেপ্তার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

গত ১১ নভেম্বর ডামুড্যার আকালবরিশ এলাকায় সড়কের পাশে ব্যাগে থাকা অবস্থায় ১২৩টি ককটেল বোমা উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় ১২ নভেম্বর ডামুড্যা থানার পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় বাচ্চু ব্যাপারীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বিস্ফোরক আইনে করা মামলাটিতে তাৎক্ষণিক কোনো আসামির নাম উল্লেখ করা যায়নি। বিভিন্নভাবে তদন্ত করে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।