
চট্টগ্রাম ব্যুরো, মনিরুল ইসলাম পারভেজ : চট্টগ্রামে অনুষ্ঠিত হল শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারমূলক প্রকল্পের আওতায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা। সকালে পরিবেশ অধিদপ্তরের হালদা সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, দিন দিন শব্দ দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। দেশের ৮টি বিভাগে শব্দ দূষণের অবস্থা কিরুপ তা পর্যবেক্ষণে পরিচালিত এক জরিপে দেখা যায় চট্টগ্রাম ও রাজশাহীতে শব্দ দূষণের মাত্রা প্রায় সর্বোচ্চ ১৩৩ ডেসিমেল। আর রংপুরে এর মাত্রা ১৩০ ডেসিমেল।
তবে এই মাত্রা নিয়ন্ত্রণে আনতে নিয়মিত অভিযান পরিচালনা করার পাশাপাশি হাইড্রলিক হর্ণ ব্যবহার বন্ধের জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে পরিবেশ অধিদপ্তর। এছাড়াও প্রয়োজনে আইন সংস্কার করে আরো কঠোর ব্যবস্থাও নেয়ার কথাও ভাবা হচ্ছে বলে জানানো হয়।
এসময় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, স্কুল কলেজ সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নতুন করে সাইনবোর্ড দেয়ার পাশাপাশি স্কুলগুলোতেও এই শব্দ দূষণ নিয়ে প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনা করা হচ্ছে। এছাড়াও কর্মশালায় শব্দ দূষণের ফলে মানুষ কি ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে তাও তুলে ধরা হয়।
কর্মশালায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মিটন চাকমা, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক নাসিম ফারহানা শিরিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :