
চট্টগ্রাম ব্যুরো, মনিরুল ইসলাম পারভেজ : চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অধীনে পরিচালনার ঘোষণা দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। সকালে নগরীর টাইগারপাস এলাকায় চসিক কার্যালয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মৃলনে তিনি এ ঘোষণা দেন।
সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের টাকায় এবং জমিতে প্রতিষ্ঠিত হয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। ২০০৩ সালেও চসিকের নিজস্ব ৪৭ কোটি টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়টির ভূমি কেনা হয়েছে।
তাই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্পত্তি, চট্টগ্রামের জনগণের সম্পত্তি। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তাদের সুন্দর শিক্ষাজীবন নিশ্চিতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে পরিচালিত হবে।’
তিনি বলেন, ‘জালিয়াতির মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়কে দখল করা হয়েছে। এজন্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে দখলমুক্ত করতে আইনের আশ্রয় নেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করেছি, ইউজিসির চেয়ারম্যান মহোদয়কে অবহিত করেছি, আইনজ্ঞদের পরামর্শ নিয়েছি। আইনি প্রক্রিয়াতেই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে ফিরবে।
ভবিষ্যতে কোনও মেয়র বা প্রভাবশালী যাতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে জবরদখল না করতে পারেন সে ব্যবস্থাও করা হবে। আমরা প্রথমে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাভুক্ত করতে চাই। এরপর পর্যায়ক্রমে সংস্কারের কাজ পরিচালনা করবো।’
সভয় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম সহ চসিকের উর্ধ্বতন কর্মকর্তা ও গনমাধ্যম ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :