কুমিল্লার মুরাদনগরে যৌথবাহিনীর অভিযানে ১ কেজি গাঁজা সহ দুই মাদকব্যবসায়ী আটক | Daily AjKaler Kontho

কুমিল্লার মুরাদনগরে যৌথবাহিনীর অভিযানে ১ কেজি গাঁজা সহ দুই মাদকব্যবসায়ী আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৪, ৬:৪৭ অপরাহ্ন
কুমিল্লার মুরাদনগরে যৌথবাহিনীর অভিযানে ১ কেজি গাঁজা সহ দুই মাদকব্যবসায়ী আটক

শাহ সাহিদ উদ্দিন,কুমিল্লা জেলা প্রতিনিধি : শুক্রবার (০৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় মুরাদনগর উপজেলার সদর এলাকা উত্তর পাড়া বাংলালিংক টাওয়ারের পাশে লালু মিয়ার বাড়ি থেকে ১ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী তারু মিয়া (৬০) মুরাদনগর সদর এলাকার উত্তর পাড়ার মৃত লালু মিয়ার ছেলে। আরেকজন হলেন মেহেদী হাসান বাবু (১৯), একই থানার ১৬ নং ধামঘর ইউনিয়ন পরমতলা গ্রামের আব্দুর রহিমের ছেলে।

অভিযান পরিচালনা করেন দেবিদ্বার ও মুরাদনগরের ৩৮ বীরের মেজর নাজিউর রহমান এর নির্দেশনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ এনামুল এর নেতৃত্বে। সহযোগী হিসেবে ছিলেন লেন্স কর্পোরাল ফিরোজ, লেন্স কর্পোরাল শামীম সহ সঙ্গীয় ফোর্স।

৩৮ বীরের সিনিয়র ওয়ারেন্ট অফিসার এনামুল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে, মুরাদনগর উপজেলার সদর এলাকায় উত্তরপাড়া লালু মিয়ার বাড়িতে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তখন আমি আমার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ীর নিজ বাড়িতে অভিযান পরিচালনা করি এবং তার বসত ঘর থেকে মাদক সেবনকারী মেহেদী হাসান বাবু সহ মাদক ব্যবসায়ী তারু মিয়াকে আটক করি। তখন তার নিজ বসতঘর থেকে ছোট ছোট কাগজে মোড়ানো প্যাকেট থেকে ১ কেজি পরিমাণ গাঁজা পাই। পরবর্তীতে ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুরাদনগর থানার এস আই জালাল আহমেদের কাছে হস্তান্তর করি।

স্থানীয়রা জানান, তারু মিয়া দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসা করেন। তার কারণে এলাকার যুবক সমাজ মাদকাসক্ত হয়ে পড়েছে। বিভিন্ন জায়গা থেকে দিনরাত মাদক নিতে মানুষ আসে। এই মাদক ব্যবসায়ীর কারণে এলাকায় চুরি ডাকাতি বেড়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলাও আছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।