চট্টগ্রাম থেকে দুবাই গামী ১ যাত্রীর কাছ থেকে অর্ধকোটি টাকার বৈদেশীক মুদ্রা উদ্ধার | Daily AjKaler Kontho

চট্টগ্রাম থেকে দুবাই গামী ১ যাত্রীর কাছ থেকে অর্ধকোটি টাকার বৈদেশীক মুদ্রা উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন
চট্টগ্রাম থেকে দুবাই গামী ১ যাত্রীর কাছ থেকে অর্ধকোটি টাকার বৈদেশীক মুদ্রা উদ্ধার

চট্টগ্রাম ব‍্যুরো, মনিরুল ইসলাম পারভেজ : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ ৫৮ হাজার ৯৩০ টাকার সমান সৌদি রিয়াল, ওমানি রিয়াল ও ইউএই দিরহামসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বেবিচকের সহযোগিতায় তল্লাশির মাধ্যমে টার্মিনাল ভবনের আন্তর্জাতিক বর্হিগমন ৭ নম্বর গেইটে এনএসআই এবং কাস্টমস টিম এ অভিযান পরিচালনা করে।

তার ব্যাগেজে সবজির ভেতর লুকিয়ে বৈদেশিক মুদ্রাগুলো পাচার করার চেষ্টা করেছিলেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রামের লোহাগাড়ার সাকিব নেওয়াজ নামের ওই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৭ ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল।

তার সবজির কার্টনে ১ লাখ ৪০ হাজার সৌদি রিয়াল (প্রতি রিয়াল ৩২.৭০ টাকা দরে ৪৫ লাখ ৭৮ হাজার টাকা),৫৭৫ ওমানি রিয়াল (প্রতি রিয়াল ৩১০ টাকা দরে ১ লাখ ৭৮ হাজার ২৫০ টাকা) এবং ৯ হাজার ২০০ ইউএই দিরহাম (প্রতি দিরহাম ৩২ দশমিক ৯০ টাকা দরে ৩ লাখ ২ হাজার ৬৮০ টাকা) পাওয়া যায়। যা বাংলাদেশী টাকায় ৫০ লাখ ৫৮ হাজার ৯৩০ টাকা এবং ইউএস ৪২ হাজার ১৫৮ ডলারের সমান।