স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে উদাহরণ তৈরি করবো : সিইসি | Daily AjKaler Kontho

স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে উদাহরণ তৈরি করবো : সিইসি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৪, ৫:১৮ অপরাহ্ন
স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে উদাহরণ তৈরি করবো : সিইসি

আজকালের কন্ঠ ডেস্ক : গত ৩টি জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। মানুষের সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়া নতুন কমিশনের দায়িত্ব। আমরা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে উদাহরণ তৈরি করব।

এমন মন্তব্যই করেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নতুন সিইসি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের চাওয়া ছিল ভোটাধিকার ফিরে পাওয়া। আমরা সেই ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করব। নিত্যনতুন অনেক চ্যালেঞ্জ আসবে। সেসব মোকাবিলা করে কাজ করতে হবে।

এ সময় নির্বাচন কমিশন রেফারির ভূমিকায় থাকবে বলেও জানান তিনি।প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, সব দল সুষ্ঠু নির্বাচন চায়। কোথায় কি সমস্যা রয়েছে, তা খতিয়ে দেখা হবে। সংস্কার কমিশনের রিপোর্ট থেকে পরামর্শ আসবে। সবাই মিলে সব সংকট সমাধান করব।

ভোটার তালিকা হালনাগাদ বিশাল চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, নির্বাচনকেন্দ্রীক সংস্কার শেষ করতে হবে। সংস্কার কমিশন যত তাড়াতাড়ি রিপোর্ট দিবে তত নির্বাচনের কাজ এগিয়ে নেওয়া যাবে।তবে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।